কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে জোবায়ের হোসেন হোরন নামে এক আওয়ামী লীগে নেতার বিরুদ্ধে কিশোর আইয়ুব খান ও তার মা বিবি খতিজাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার বিবি খতিজা বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। অভিযুক্ত হোরন চরএলাহীর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গতকাল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় পেছন থেকে ঐ কিশোরের হাত বাঁধা। তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের আঘাত। তার মায়ের শরীরেরও আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, ঐ কিশোরের হাত বাঁধা অবস্থায় তাকে ও তার মাকে স্থানীয় কিছু লোক তার কাছে নিয়ে আসে। গত শনিবার স্থানীয় জাহাঙ্গীরের গরু ঐ কিশোরের জমির ধান খেলে কিশোর আইয়ুব গরুকে কয়েকটি আঘাত করে। তারই জের ধরে বিকালে ঐ কিশোর ও তার মাকে ঘরে ডুকে আওয়ামী লীগ নেতা হোরনের নেতৃত্বে সাইফুল, জাহাঙ্গীর ও মতিনসহ কয়েকজন বেদম মারধর করে। একপর্যায়ে তাদেরকে ঘর থেকে টেনে-হেঁচড়ে বাহিরে নিয়ে গিয়ে কিশোরের হাত পেছন থেকে বেঁধে জনসম্মুখে নির্যাতন করে। এ সময় নির্যাতনকারীরা ঐ কিশোরের মাকেও বেদম মারধর করে। পরে ভুট্ট নামে এক লোক তাদেরকে উদ্ধার করে চেয়ারম্যানের কাছে নিয়ে আসে। চেয়ারম্যান তাদের থানায় পাঠান এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে জোবায়ের হোসেন হোরনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি পেয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
