চলতি মে মাসের ৩১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমের খেলা। গত বছরের ১৭ মার্চ প্রথম রাউন্ডের পর করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত হয়েছিল দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদা ও জনপ্রিয় এই আসর। এরপর এক বছরেরও বেশি সময় পার হয়েছে। অবশেষে আসরটি মাঠে গড়াতে যাচ্ছে।
তবে গত বছরের প্রথম রাউন্ডের ওই ম্যাচটি ৩১ মে থেকে শুরু হতে যাওয়া আসরে গণ্য করা হবে না বলে জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে সিসিডিএম-এর চেয়ারম্যান কাজী এনাম আহমেদ এর বরাত দিয়ে বলা হয়েছে, ‘বিসিবির সমর্থনে সিসিডিএম পরিকল্পনা করেছে যে ঢাকা প্রিমিয়ার লিগ ৩১ মে থেকে শুরু হবে। এর আগে সিদ্ধান্ত হয়েছিল যে আসরটি টি-টোয়ন্টি ফর্মেটে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় নিয়ে আমরা বিশ্বাস করি ২০১৯-২০ মৌসুমের জন্য টি-টোয়েন্টিই আদর্শ ফর্মেট।’
তিনি আরও বলেন, ‘বিসিবি সভাপতি ইতোমধ্যেই টুর্নামেন্ট চলাকালে প্লেয়ারদের নিরাপত্তার বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। বোর্ড এই মৌসুমে বেশ সফলতার সঙ্গেই দুটি টুর্নামেন্ট, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজন করেছে। এখান থেকে শিক্ষা নিয়েই আমরা বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের পরিকল্পনা করব।’
ইত্তেফাক/টিআর
