ভারতে করোনায় মৃত্যুর রেকর্ড

আপডেট : ০২ মে ২০২১, ২৩:২৬

ভারতে কিছুতেই কমছে না কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। সরকারের শত চেষ্টা সত্ত্বেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক শনাক্ত করোনা ভাইরাস রোগীর সংখ্যা ৪ লাখ পেরিয়ে যাওয়ার একদিন পরই দেশটিতে এই রোগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ৩৬৮৯ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ের মধ্যে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন নতুন রোগী।

 জানা গেছে, ভারতে শনাক্ত মোট করোন ভাইরাস রোগীর সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালগুলোতে শৃঙ্খলা ধরে রাখা যাচ্ছে না। সঙ্গে যুক্ত হয়েছে শয্যা ও তীব্র অক্সিজেন সংকট। অক্সিজেনের অভাবে হাসপাতালগুলোতে ইতিমধ্যেই বহু রোগীর মৃত্যু হয়েছে। শনিবারও রাজধানী দিল্লির একটি হাসপাতালে অক্সিজেন সংকটে একজন চিকিত্সকসহ অন্তত ১২ জন রোগীর মৃত্যু হয়। ভয়াবহ পরিস্থিতির চাপ সহ্য করতে না পেরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালের কোভিড ওয়ার্ডের একজন চিকিত্সক আত্মহত্যা করেছেন। মহামারীতে ভারতের এই সংকটজনক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অনেক দেশের পাঠানো জরুরি সহায়তা ইতিমধ্যে ভারতে পৌঁছাতে শুরু করেছে। নজিরবিহীনভাবে সংক্রমণ বাড়তে থাকার মুখে কী পদক্ষেপ নেওয়া যায় তা পর্যালোচনা করতে গতকাল সকালে জরুরি বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।