পিরোজপুরের কাউখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী হারুনুর রশীদ (৭৭) মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রবিবার সকাল ৮টায় ঢাকার বারডেম হাসপাতালে মারা যান তিনি। বাদ যোহর ঢাকায় তার জানাজা শেষে মোহাম্মদপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।
কাজী হারুনুর রশিদ দুই দুইবার কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন (১৯৮৫-১৯৯০ এবং ১৯৯০-১৯৯২)। জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন।
ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের নির্বাচিত জিএস ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের আজীবন সদস্য এবং বাংলা একাডেমির সদস্য।
তার মৃত্যুতে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া মরহুমের আত্মার শান্তি কামনা করে পৃথকভাবে শোক প্রকাশ করেন কাউখালী উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মিঞা মনু, সাধারণ সম্পাদক শাহ আলম নসু।
