মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন স্থানে র্যালি ও সমাবেশ করেছে বিড়িশ্রমিকরা। শনিবার সকালে বাংলাদেশ বিড়িশ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র্যালিটি বের হয়ে পরে এক সমাবেশে মিলিত হয়। ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিড়িশ্রমিক নেতারা বক্তব্য রাখেন। এছাড়াও কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, বরিশাল ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে র্যালি ও সমাবেশ করে বিড়িশ্রমিকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এদেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে লাখ লাখ শ্রমিক জড়িত। কিন্তু বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে এ শিল্পটি ধ্বংস হতে চলেছে। মাত্রাতিরিক্ত শুল্কবৃদ্ধির কারণে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ফলে শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে লাখো বিড়িশ্রমিকের জীবন-জীবিকার অবলম্বন বিড়ি শিল্পকে রক্ষার দাবি জানান শ্রমিক নেতারা। —প্রেস বিজ্ঞপ্তি।
