ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের ১৪ নেতাসহ ১০০ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

আপডেট : ০৩ মে ২০২১, ০০:৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোবারক উল­াহসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো এক-দেড় শ জনকে আসামি করে শনিবার সন্ধ্যায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী। এমপির পক্ষে তার আইনজীবী ও শহর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মামুন মামলাটি সদর থানায় দাখিল করেন।

মামলার উল্লে­খিত প্রধান দুই আসামি ছাড়াও ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন মাওলানা আশরাফুল হোসেন তপু, বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা আলী আজম, মাওলানা এরশাদ উল্লাহ, মাওলানা জুনায়েদ কাসেমী, মাওলানা নোমান আল হাবিব, মমিনুল হাসান তাজ, সুলেমান মোল্লা, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মনজুরুল হক ও খালেদ মোশাররফ।

মামলার বিবরণীতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় নারকীয় তাণ্ডব চালান হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতাকর্মীরা। তারা তাণ্ডব চালিয়ে বৈধ সরকারকে উত্খাত করার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন। এর আগে উল্লেখিত আসামিদের নির্দেশে বিভিন্ন ফেসবুক পেইজ, আইডি ও নিউজ পোর্টালে সাইবার সন্ত্রাস সংঘটিত করে রাষ্ট্রদ্রোহিতামূলক, বিদ্বেষ ও ঘৃণামূলক স্ট্যাটাস প্রদান করে জনসাধারণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটে।

একপর্যায়ে গত ৩১ মার্চ আসামিরা তাদের ব্যবহূত ফেসবুক পেইজ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মাধ্যমে বাদী উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার করে ঘটনার দায়ভার তার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মুহাম্মদ শাহজাহান বলেন, মামলাটি জমা নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তাণ্ডবে জড়িত অভিযোগে ১১ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নতুন করে ইসলামি আন্দোলনের নেতাসহ হেফাজতের আরো ১১ জন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন জানান, শুক্রবার ও শনিবার দিনগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের রবিবার ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ইসলামি আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক, জাতীয় শিক্ষক ফোরামের মাদ্রাসাবিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির মাওলানা নিয়াজুল করিম। পুলিশ ঘটনার সময় ধারণ করা স্থিরচিত্র ও সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে অভিযুক্তদের শনাক্ত করেছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লে­খ করা হয়।