রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে হোটেল আল আকসার ছাদের ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মতিঝিল থানার এসআই মো. জহুরুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ফকিরাপুলের হোটেল আল আকসার ৭তলার ছাদে স্টাফদের থাকার ছাপড়া ঘর থেকে লাশটি উদ্ধার করে। রুবেলের বাড়ি নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চররিয়া গ্রামে। তার বাবার নাম বেলাল হোসেন। রুবেল ফকিরাপুল কাঁচাবাজারে কসমেটিকসের ব্যবসা করতেন।
এসআই আরও জানান, হোটেলের সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়েছি রুবেল বিকাল সাড়ে ৪টার দিকে ওই হোটেলে ঢোকেন। এরপর ছাদে দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করেন। পরে স্টাফদের থাকার ফাঁকা রুমটিতে ঢুকেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে কোনো কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
