ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৯ জনের প্রাণ গেছে। আহত হয়েছে আরো কয়েক জন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
তাড়াশ (সিরাজগঞ্জ) : তাড়াশে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচ জন। সোমবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি বাজার এলাকা ও ৮ নম্বর সেতু এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উল্লাপাড়া উপজেলার পাগলা মধ্যপাড়া এলাকার সলিম উদ্দিনের ছেলে শাহিন হাসান ও সলঙ্গা থানার চড়িয়াশিকা গ্রামের আবদুস সাত্তারের ছেলে সাদ্দাম হোসেন। এদিকে ৯ নম্বর সেতু এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি। তাড়াশ থানার এসআই আবদুল মাজেদ সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জৈন্তাপুর (সিলেট) : সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত বাজারে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুজন। রবিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সিলেট হতে ছেড়ে আসা জাফলংগামী ট্রাক রাস্তার পাশে গ্যারেজের সামনে মোটর সাইকেলকে ধাক্কা দিলে তিন আরোহীর মৃত্যু হয়। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গাইবান্ধা :গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আফিন বাবু (০৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ধাপেরহাট এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, বেলাল মিয়া দুপুরে বাড়ি থেকে তার ছেলেকে নিয়ে ধাপেরহাটে বাজারে আসেন। এসময় আফিন বাবু মহাসড়কের ওপরে চলে গেলে বগুড়াগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়।
ঝালকাঠি :খুলনা-বরিশাল অঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির ষাইটপাকিয়া নামক স্থানে পণ্যবাহী ট্রাকের চাপায় সুফিয়া বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নলছিটি থানার সেকেন্ড অফিসার মফিজুর রহমান পাভেল বলেন, ট্রাকটিকে সনাক্ত করা সম্ভব হয়নি।
গফরগাঁও (ময়মনসিংহ) :গফরগাঁওয়ে ইঞ্জিন চালিত টমটম গাড়ির ধাক্কায় অটোরিকশা উলটে হূদয় (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮টার দিকে গফরগাঁও-বরমী সড়কের ঘাগড়া উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয় টমটম গাড়ির চালক আরিফ। হূদয় ঘোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
