বান্দরবানে শ্রমিক-জনতা সংঘর্ষে আহত ৯

আপডেট : ০৩ মে ২০২১, ২১:৩৯

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে রাবার ড্যাম প্রকল্প নির্মাণ নিয়ে শ্রমিক-স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষে শ্রমিকসহ নয় জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএনডিসি) অর্থায়নে রাবার ড্যাম্প নির্মাণ প্রকল্পের টেন্ডার আহ্বান করা হয়। দুই বছর মেয়াদি উন্নয়নকাজটি বাস্তবায়নের কার্যাদেশ দেওয়ার পর কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দার কৃষক আব্দুচ সাত্তার জানান, কাজের গুণমান খারাপ হওয়ায় স্থানীয়রা কাজটি বন্ধ রাখতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা এক্সকাভেটর দিয়ে একজন কৃষককে আঘাত করে। পরে উত্তেজিত জনতা এক্সকাভেটর ভাঙচুর এবং শ্রমিকের ঘর ভাঙচুর করে। প্রকল্পের সাইট ম্যানেজার দেলোয়ার হোসেন জানান, স্থানীয়দের অভিযোগের পর নির্মাণশ্রমিকদের গুণমান বজায় রেখে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। স্থানীয়দের সঙ্গে বৈঠকও হয়েছে। তার পরও কাজে বাধা দেওয়ায় এ সংঘর্ষ ঘটেছে। সদর থানার পুলিশ অফিসার এসআই মিঠুন সিংহ জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বান্দরবান জেলা কৃষি উন্নয়ন করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবু নাঈম বলেন, ‘কাজে অনিয়মের অভিযোগে স্থানীয়দের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে আপাতত কাজটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’