৪ হাজার পিস ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী আটক

আপডেট : ০৩ মে ২০২১, ২১:৪০

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ায় রবিবার রাতে ইয়াবা পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো—চট্টগ্রামের পাহাড়তলী নয়া পাড়া এলাকার মুহাম্মদ আবুল কালাম প্রকাশ আবু এবং আল মোমিন প্রকাশ জনি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা পরিষদের সামনে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলে তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই আরোহীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং সোমবার সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।