নিখাদ মেসি ম্যাজিকের ফসল

আপডেট : ০৩ মে ২০২১, ২১:৪৩

স্পোর্টস ডেস্ক

আগের ম্যাচে বার্সেলোনা শুধুই হারেনি সেই সঙ্গে কোচ রোনাল্ড কোম্যান লালকার্ড পেয়ে ডাগআউটে দাঁড়াতে পারেনি এবার। রবিবার রাতের ম্যাচে কোচ ছাড়া ভ্যালেন্সিয়ার বিপক্ষে লড়াইয়ে বার্সালোনা ৩-২ গোলে জিতেছে।

বার্সা যদি লিগ শিরোপা পুনরুদ্ধার করতে চায় তাহলে পয়েন্ট হারানো যাবে না। কারণ খুব সহজ বার্সেলোনা অ্যাটলেটিকো এবং রিয়াল মাদ্রিদ এই তিন শক্তিধর দল এক জন আরেক জনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

পুরো মৌসুম জুড়েই দলের রক্ষণ ভোগাচ্ছে বার্সেলোনাকে। কর্নার থেকে পাওয়া বল হেডে জালে পাঠান ডি বক্সে ফাঁকায় দাঁড়ানো ভ্যালেন্সিয়া ডিফেন্ডার গ্যাব্রিয়েল পুলিস্তা। এই গোলেই ঘুম ভাঙে বার্সার। গোল হজমের ৭ মিনিট পরই বার্সাকে ম্যাচে ফেরান মেসি। কিছুক্ষণ পর লিডও পেয়ে যায় বার্সা। দারুণ ফর্মে থাকা স্ট্রাইকার গ্রিজমান এবার স্কোরশিটে তোলেন নাম। বাম প্রান্ত থেকে আলবার ক্রিস ডি ইয়ং হেডে জালে জড়াতে না পারলেও, ভ্যালেন্সিয়া কিপার জেসপার চিলিসেন তা গ্লাভসবন্দি করতে পারেননি। খুব কাছেই দাঁড়িয়ে থাকা গ্রিজমানের জন্য রিবাউন্ড থেকে গোল করতে তাই মোটেও বেগ পেতে হয়নি। ভ্যালেন্সিয়া দুই ভুলে এগিয়ে গেলেও বার্সার শেষটি ছিল নিখাদ মেসি ম্যাজিকের ফসল। ৬৮ মিনিটে ডি বক্সের একটু সামনে মেসিকে ফাউল করেন ড্যানিয়েল ভাস ও কার্লোস সলের। গোলপোস্ট থেকে ২০ গজ দূরে ফ্রি কিক পায় বার্সা। ম্যাচের শুরুর দিকে কাছ থেকে নেওয়া ফ্রি কিক নষ্ট করলেও, মেসি এবার ভুল করেননি। বাঁ পায়ের ভেলকিতে বোকা বানান চিলিসেনকে। এই ফ্রি কিক গোলে নিজের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছুঁয়েছেন মেসি। এখন সরাসরি ফ্রি কিক থেকে রোনালদোর সমান ৫৬টি গোল মেসিরও। অথচ ২০১১ সালে পর্যন্ত রোনালদোর যেখানে ফ্রি কিকে গোল ছিল ৩২টি, মেসির ছিল ৪টি। বলতেই হবে, শেষ কয়েক মৌসুমে ফ্রি কিক থেকে গোল করায় অবিশ্বাস্যরকম ধারাবাহিক মেসি।   

মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোলে ভ্যালেন্সিয়াকে একদম ম্যাচ থেকে ছিটকে দিলেও, সলের ম্যাচ আবার জমিয়ে তোলেন দুর্দান্ত এক গোলে। বার্সা যখন সহজ জয়ের অপেক্ষায়, তখন ৮৩ মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে আচমকা এক বুলেট গতির শটে বার্সা কিপার টের স্টেগানকে পরাস্ত করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ফলে পয়েন্ট হারানোর শঙ্কা আবার জেঁকে বসে অতিথিদের। স্বাগতিকরাও সেই  সুযোগে আক্রমণে ধার বাড়ায়। যদিও শেষ পর্যন্ত বার্সার জালে আর কোনো গোল জড়ান হয়নি ভ্যালেন্সিয়ার। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই কাতালুনিয়ায় রাস্তা ধরে বার্সা।

ক্লাব                   ম্যাচ     জয়    ড্র     হার  পয়েন্ট

১. অ্যাটলেটিকো   ৩৪      ২৩     ৭     ৪     ৭৬

২. রিয়াল            ৩৪      ২২     ৮   ৪       ৭৪

৩. বার্সা             ৩৪      ২৩     ৫     ৬     ৭৪

*মুখোমুখি দেখায় এগিয়ে থাকায়

রিয়াল দুইয়ে বার্সা তিনে