ইত্তেফাক রিপোর্ট
চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় জনসমাগম এড়াতে এসএমই ফাউন্ডেশন প্রথম বারের মতো অনলাইনে আঞ্চলিক এসএমই পণ্যমেলা ২০২১ আয়োজন করেছে। ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে গতকাল সোমবার আঞ্চলিক এসএমই পণ্যমেলার উদ্বোধন করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। এতে কারিগরি সহায়তা করছে এ-টু-আই এবং একশপ। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট—এই আটটি বিভাগের এসএমই উদ্যোক্তাগণ অনলাইনে মাসব্যাপী ‘আঞ্চলিক এসএমই পণ্যমেলা ২০২১’ অংশগ্রহণ করতে পারবেন। মেলায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি প্রয়োজন হবে না। মেলায় একই সঙ্গে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ রয়েছে।
এছাড়াও থাকছে সারা দেশে পণ্য ডেলিভারি এবং ক্রেতা-বিক্রেতার ভিডিও চ্যাট করার সুবিধা। আয়োজকরা জানিয়েছে, কোনো বিদেশি, নকল, অশোভন এবং মানহীন পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় করা যাবে না। মেলায় উদ্যোক্তাগণ তাদের পছন্দ মত যে কোনো অনলাইন পোর্টালের মাধ্যমে বেচাকেনা ডেলিভারি/পেমেন্ট করতে পারবেন। মেলায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তাগণ www.smemelabd.com—এই ওয়েবসাইটে অনলাইনে রেজিস্ট্রেশন ও পণ্য আপলোড করতে পারবেন।
