শিশুদের মনে অসাম্প্রদায়িক চেতনা জাগিয়ে তোলার কাজ করছে খেলাঘর

আপডেট : ০৩ মে ২০২১, ২২:৩৫

৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর

আলোচনাসভায় বক্তারা

ইত্তেফাক রিপোর্ট

নানা আয়োজনে পালিত হলো জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘরের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাষা আন্দোলনের চেতনায় ১৯৫২ সালের ২ মে যাত্রা শুরু হওয়া সংগঠনের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে রবিবার রাতে ভার্চুয়ালি ‘এগিয়ে চলার ৬৯ বছর শীর্ষক’ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় কেন্দ্রের পক্ষ থেকে। শিশু-কিশোররা আনন্দঘন পরিবেশে পরিবেশনাসহ আয়োজনে অংশ নেয়। আয়োজন করা হয় শিশু পার্লামেন্টের।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় খেলাঘরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার। খেলাঘর শিশু সদস্য সেমন্তী রদৌসীর সঞ্চালনায় আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল স্তম্ভের একটি হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ। শিশুদের মনে অসাম্প্রদায়িক চেতনা জাগিয়ে তোলার জন্য খেলাঘর বিভিন্ন শিল্প-সাহিত্য-কলার মাধ্যমে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন ‘সব পেয়েছির আসর’ এর সিনিয়র সহসভাপতি ও মানবাধিকার কর্মী অপূর্ব গাঙ্গুলি শুভেচ্ছা বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সাবেক সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নিরঞ্জন অধিকারী, সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সাবেক খেলাঘর সংগঠক প্রফেসর মোসারফ আলী, জহুরুল আলম ঝরা, তাহমীন সুলতানা স্বাতী, আব্দুল মতিন ভূইয়া, বর্তমান সাধারণ সম্পাদক প্রণয় সাহা প্রমুখ।