স্কুলছাত্রী ও পথশিশু ধর্ষণের বিচার দাবি মহিলা পরিষদের

আপডেট : ০৩ মে ২০২১, ২২:৩৬

ইত্তেফাক রিপোর্ট

বাগেরহাট জেলার চিতলমারীতে ইউপি সদস্য ননী গোপাল বিশ্বাস কর্তৃক স্কুলছাত্রীকে ধর্ষণ এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের পাশে জেলা পরিষদের ফুলের বাগানে তিন তরুণ কর্তৃক পথশিশুকে ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। মহিলা পরিষদ শিশুদের ধর্ষণের এ বর্বর ঘটনা দুটির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়াসহ দৃষ্টান্তমূলক শাস্তি ও নির্যাতনের শিকার শিশুদের সুচিকিত্সাসহ তাদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়েছে। সেই সঙ্গে এই ধরনের অমানবিক ঘটনাসহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সব সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় সংগঠনটি।