করোনা হাসপাতালে অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি দিল ডিএনসিসি

আপডেট : ০৩ মে ২০২১, ২২:৩৬

ইত্তেফাক রিপোর্ট

মহাখালীতে ডেডিকেটেড ডিএনসিসি কোভিড হাসপাতালের জন্য দুইটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী ফ্রিজার ভ্যান উপহার দিয়েছে ডিএনসিসি। গতকাল মহাখালীর ডিএনসিসি মার্কেটে স্থাপিত হাসপাতালে এ সব যানবাহন হস্তান্তর করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের  মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, হস্তান্তরকৃত দুইটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ির ড্রাইভার ও জ্বালানিসহ প্রয়োজনীয় সব কিছুই ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে সরবরাহ করা হবে, শুধু অপারেশনাল ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবেন হাসপাতালের পরিচালক।

মেয়র বলেন, মহামারি শেষ হলে এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের জেনারেল হাসপাতাল হিসেবে পরিচালিত হবে, যেখানে সব ধরনের চিকিত্সাসেবা দেওয়া হবে। অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, স্থানীয় কাউন্সিলর মো. নাসির, শফিউল্লাহ শফি, ডা. আবদুল মতিন, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান উপস্থিত ছিলেন।