সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট এবং তার সমালোচনা করে রিপাবলিকান পার্টির মধ্যে সংকটে পড়েছেন সিনেটর মিট রমনি। তিনি উটাহ অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর এবং দলের পক্ষ থেকে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী। নিজ রাজ্যে দলের সম্মেলনে মিট রমনিকে প্রতিনিধিরা ‘প্রতারক’ বলেও আখ্যায়িত করেছেন। খবর বিজনেস ইনসাইডারের
শনিবার উটাহ রাজ্য রিপাবলিকান পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। মিট রমনি বক্তব্য দিতে মঞ্চে উঠলে তাকে ছি ছি বলে দুয়ো ধ্বনি দেওয়া হয়। দলের ডেলিগেটরা তাকে ‘প্রতারক এবং বামপন্থি’ বলেও আখ্যা দেন। তিনি বক্তব্য দিতে পারছিলেন না। ডেলিগেটরা চিত্কার করে তার বিরুদ্ধে স্লোাগান দেন। অবশেষে রাজ্য রিপাবলিকান পার্টির চেয়ারম্যান ডেরেক ব্রাউন মঞ্চে ওঠেন এবং মিট রমনিকে শ্রদ্ধা প্রদর্শন করতে ডেলিগেটদের প্রতি আহ্বান জানান। এরপর পরিস্থিতি শান্ত হয়। মিট রমনি তার বক্তব্যে বলেন, আমিই একমাত্র ব্যক্তি যিনি যা মনে করেন তা-ই বলেন। আপনারা হয়তো জানেন যে, আমি আপনাদের সদ্য বিদায়ি প্রেসিডেন্টের ভক্ত নই। এ সময় তার বক্তব্য থামিয়ে দেওয়ার চেষ্টা হয়। তিনি বলেন, আপনারা কি এতে বিব্রত হন? এ সময় আবারও চিত্কার শুরু হয়।
মিট রমনির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ভোটও হয়। এতে তার পক্ষে ৭৯৮ এবং বিপক্ষে ৭১১ ভোট পড়ে। অল্পের জন্য রমনি নিষেধাজ্ঞার কবল থেকে রক্ষা পান।
রমনি দলের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত। ট্রাম্পের বিরুদ্ধে প্রথম অভিশংসনের বিচারে তিনিই একমাত্র ব্যক্তি যিনি দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেন। দ্বিতীয় অভিশংসনের সময়ও তিনি ট্রাম্পের বিপক্ষে ভোট দেন। তবে এবার তার সঙ্গে আট জন রিপাবলিকান অংশ নেন। ২০১২ সালে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন মিট রমনি। পার্টির মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা বেশি। আর মিট রমনির জনপ্রিয়তা কমছে। ১৪ জানুয়ারি ইপসোস/অ্যাক্সিওসের জরিপে দেখা গেছে, মিট রমনির আচরণকে সমর্থন করেন মাত্র ৩৪ শতাংশ রিপাবলিকান সমর্থক।
