বিধবাকে তুলে নিয়ে দলবেঁধে গণধর্ষণ হাসপাতালে ভর্তি!

আপডেট : ০৩ মে ২০২১, ২২:৫৪

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিভৃত পল্লিতে এক বিধবাকে (৪৬) বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর বিবস্ত্র ও গুরুতর অস্থায় ঐ নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

গত রবিবার গভীর রাতে উপজেলার কালিরখামার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, ‘নির্যাতনের শিকার ঐ নারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

নির্যাতিত নারীর পরিবার জানায়, কয়েক মাস আগে ঐ নারীর স্বামী মারা যান। এরপর থেকে তিনি ছেলে ও ছেলের বউকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঐ নারী সেহরি রান্নার জন্য ঘুম থেকে ওঠেন। এরপর তিনি শৌচাগারে যান। সেখান থেকে আঙিনায় ফেরার সময় প্রতিবেশী পাঁচ ব্যক্তি তার হাত-মুখ বেঁধে ফেলে। পরে মুখে কাপড় গুঁজিয়ে তাকে পাশের বাঁধে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। সকালে বাঁধের পাশের জমিতে বিবস্ত্র অবস্থায় ঐ নারীকে দেখতে পায় স্থানীয় লোকজন।

গাইবান্ধা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক রিপন কুমার মুস্তাফি বলেন, ‘রোগীর চিকিত্সা চলছে। সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।’