পেকুয়ায় জয়নাল আবেদীন (৩৬) নামে এক ব্যবসায়ীকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় আহত হয়েছেন আরো দুই জন। গত রবিবার রাতে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনের আশুর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। জয়নাল আবেদীন উপজেলার মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়ার মৃত নুরুন্নবীর ছেলে। আহতরা একই এলাকার রুস্তম আলীর ছেলে আলী আকবর এবং স্থানীয় মহিউদ্দিনের মেয়ে রিফা আক্তার বলে জানা যায়।
স্থানীয়রা জানান, রাতে ফুলতলা আশুর দোকানের সামনে বসে গল্প করছিলেন জয়নাল আবেদীন ও আলী আকবর। এ সময় ১০-১৫ জন বোরকা পরিহিত সন্ত্রাসী পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের উপকূলীয় এলাকার ডজনখানেক মামলার আসামি আবু ছৈয়দের নেতৃত্বে হামলা করেন জয়নাল আবেদীন ও আলী আকবরের ওপর। এ সময় তারা তাদের এলোপাতাড়ি গুলি করে ও তাদের কুপিয়ে পালিয়ে যায়। এ সময় জয়নালের সঙ্গে থাকা আলী আকবরের বুকেও গুলি লাগে। এছাড়া রিফা নামে এক কিশোরীও আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক ডা. তাহমিদুল ইসলাম তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিত্সার জন্য স্থানান্তর করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় জয়নাল আবেদীনের মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
