নিজ দেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সৌদি

আপডেট : ০৪ মে ২০২১, ০০:৩৮

সৌদি আরব আগামী ১৮ মে সেদেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরব নিউজ জানায়, আগামী ১৭ মে দিবাগত রাত ১টা থেকে সড়ক, নৌ এবং বিমানপথে সৌদি নাগরিকরা দেশের বাইরে ভ্রমণে যেতে পারবেন। একই সঙ্গে সৌদি আরবের বাইরে থাকা দেশটির নাগরিকদের দেশে প্রবেশে কোনো বাধা নেই বলেও জানানো হয়েছে। পাশাপাশি করোনা-পরবর্তী সময়ে যেসব দেশে চলাচলের ওপর নিষেধাজ্ঞা ছিল তাও তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি সৌদি আরব করোনা মহামারি বিস্তার কমাতে এশিয়া, ইউরোপ ও আমেরিকা অঞ্চলের ২০টি দেশের নাগরিকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যারা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছে তারা বিনা বাধায় অন্য দেশে যাতায়াত করতে পারবে। এছাড়া যারা এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারা শর্ত সাপেক্ষে অন্য দেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন।