করোনার কারণে গণমাধ্যম অর্থনৈতিক ও অস্তিত্ব সংকটের মুখে পড়েছে

আপডেট : ০৪ মে ২০২১, ০১:০৯

বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে বাংলাদেশসহ বিশ্বের সাংবাদিক সমাজ ও গণমাধ্যম বড় ধরনের অর্থনৈতিক ও অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। এই সংকট উত্তরণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কর্মপরিকল্পনা নেওয়াই হোক বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের অঙ্গীকার। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে গতকাল সোমবার ভার্চুয়াল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোহবান চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে অনেক গণমাধ্যম কর্মী বেকার হয়ে চরম অর্থ সংকটে পড়েছেন।

বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) ‘সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার এবং গণমাধ্যমের সংকট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। বিজেআরএফ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের  সভাপতি মো. শাহ জালাল, প্রবাসী সাংবাদিক মাইনুদ্দিন আহমদ, গৌতম অরিন্দম বড়ুয়া, কুদরত-ই-খোদা, মীর আফরোজ জামান, নূরুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান ‘তথ্য জনগণের পণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের প্রেক্ষাপট ও বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা তুলে ধরেন। কোভিড-১৯ মহামারিতে প্রয়াত সাংবাদিকদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে বলা হয়, তথ্য জানানোর জন্য সাংবাদিকরা অনেক কষ্ট করে থাকেন, নানারকম বিপদ এমনকি মৃত্যুর ঝুঁকি নিয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, করোনাকালে অনেক গণমাধ্যমে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। সাংবাদিকরা বেকার হয়ে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছেন। সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় মৌলিক নীতিমালা অনুসরণ ও বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন হোক সাংবাদিক সমাজের অঙ্গীকার। —প্রেস বিজ্ঞপ্তি