বংশালে রিকশাচালককে নির্যাতনকারী সেই ব্যক্তি আটক

আপডেট : ০৪ মে ২০২১, ২০:৩৪

রাজধানীর বংশালে এক রিকশাচালককে মারধরের অভিযোগে সুলতান আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ( ৪ মে) পুলিশের এআইজি মো. সোহেল রানা  (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর বংশালে এক রিকশাচালককে থাপ্পড় মারছেন এক ব্যক্তি। নির্যাতনের এক পর্যায়ে রিকশাচালক মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান। পরে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

ভিডিওটি দেখামাত্র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং থেকে বংশাল থানার ওসি মো. শাহীন ফকিরকে নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করা নির্দেশ দেন। ওসির নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। অভিযুক্ত সুলতান আহমেদ ওই এলাকার একজন প্রভাবশালী বাসিন্দা। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ইত্তেফাক/কেএইচ/ইউবি