‘তারা কালোদের দাস করে রাখতে চায়!’

আপডেট : ০৪ মে ২০২১, ২১:২৩

বিনোদন ডেস্ক

 

ক্যারিয়ারের শুরু থেকেই বিতর্কিত মন্তব্য করে বারবার সমালোচনার কবলে পড়া তারকা তালিকার শীর্ষে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। সেই মন্তব্যগুলো বেশিরভাগই তিনি প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার তারই মাশুল গুনতে হলো কঙ্গনাকে। তার টুইটার অ্যাকাউন্ট বাতিল করলো টুইটার কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কঙ্গনার একের পর এক মন্তব্য বিতর্ক ছড়ায়। বিজেপি নেতা স্বপন দাশগুপ্তর টুইটে অভিযোগের পরিপ্রেক্ষিতে কঙ্গনা টুইট করেন, ‘এটা ভয়ঙ্কর। গুণ্ডাকে মেরে ফেলার জন্য আমাদের সুপার গুণ্ডার প্রয়োজন। তিনি অব্যক্ত দানবের মতো, তাকে দমন করার জন্য দয়া করে ২০০০ সালের প্রথমদিকের বিরাট রূপটা দেখান মোদিজি।’ কঙ্গনার এমন টুইটের বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেন হাইকোর্টের আইনজীবী সুমিত চৌধুরী। তার এমন অভিযোগের ভিত্তিতেই কঙ্গনার অ্যাকাউন্ট বাতিল করা হয়। তবে এ নিয়ে কঙ্গনা টুইটারের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, ‘টুইটার আমার একাউন্ট বন্ধ করে এটা প্রমাণ করতে চেয়েছে যে, তারা আমেরিকান এবং সাদা মানুষ। তারা সবসময় কালোদের দাস করে রাখতে চায়। ভাগ্য ভালো যে আমার মত প্রকাশের আরো অনেক মাধ্যম রয়েছে।’