বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম জলপথ। ভোলা, বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, মাদারীপুর, খুলনা ও মুন্সিগঞ্জসহ দেশের বেশ কয়েকটি জেলায় যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। এদেশে ৫,১৫০ থেকে ৮,০৪৬ কিলোমিটার জলপথ রয়েছে। তার মধ্যে ২,৫৭৫ থেকে ৩,০৫৮ কিলোমিটার সাধারণ পরিবহন উপযোগী। দেশের যাতায়াতের বিরাট অংশ নৌপথ হলেও চরম নিরাপত্তাহীনতায় যাত্রীসাধারণ। অনিশ্চয়তা ও সুরক্ষাহীন হওয়া সত্ত্বেও জীবিকা আর প্রয়োজনের তাগিদে পাড়ি জমাতে হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অদক্ষ চালক দিয়ে নৌযান পরিচালনা, ফিটনেসহীন নৌযান, কারিগরি দুর্বলতা, ধারণ ক্ষমতার বেশি যাত্রী ধারণ, অব্যবস্থাপনা, বাড়তি ভাড়া আদায়, বন্যা, ঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নেই প্রয়োজনীয় প্রস্তুতি। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, সদরঘাটগুলোতে চুরি, ছিনতাই, কুলি, মলম পার্টি, হকারদের দৌরাত্ম্যের কাছে অসহায় যাত্রী। হাতে ব্যাগ দেখলেই টান দিয়ে লঞ্চে ওঠানোর পর দাবি করে বাড়তি অর্থ। ঈদের সময় আর প্রবাসীদের পেলে তাদের উত্পাত বেড়ে যায়। দেশের নৌপথে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি।
হাচান মাহমুদ শুভ, চরফ্যাশন, ভোলা
