ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে কার্ডিফ সিটির বিপক্ষে জিততে ভালোই ঘাম ঝরলো আর্সেনালের। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ২-১ গোলের জয় পেয়েছে উনাই এমেরির দল।
প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। উল্টো বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো অবনমন অঞ্চলের দল কার্ডিফ সিটি।
ম্যাচের ৬৬তম মিনিটে স্পট কিকে আর্সেনালকে এগিয়ে দেন আউবামেয়াং। চলতি মৌসুমে লিগে গ্যাবনের এই স্ট্রাকারের গোল হলো দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি। লাকাজেত ৮৩তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে একটি গোল পরিশোধ করে কার্ডিফ সিটি।
ইংলিশ প্রিমিয়ার লিগের ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা চেলসি সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে। ২৩ ম্যাচে ১৯ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬০।
ইত্তেফাক/এএম
