স্পোর্টস ডেস্ক
চলতি মাসে বাংলাদেশ সফরের ওয়ানডে দলে বিবেচিত হবেন না, টিম ম্যানেজমেন্টের এই বার্তা পেয়ে গিয়েছিলেন আগেই। তাই মাত্র ৩২ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। গত সোমবার অবসরের ঘোষণা দেন তিনি। টেস্ট ছেড়েছিলেন ২৮ বছর বয়সে, এবার শ্রীলঙ্কার হয়ে আর ওয়ানডে, টি-২০ খেলার ঘোষণা দিলেন থিসারা।
অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজ লিগে নিয়মিত খেলে যাবেন তিনি। তবে তার অবসরের খবরে অবাক লঙ্কান ক্রিকেটাররা। দিনেশ চান্দিমাল, দিমুথ করুণারত্নের বিশ্বাসই হচ্ছেন না থিসারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
চান্দিমাল লিখেছেন, ‘তোমার অবসরের খবরে আমি স্তম্ভিত হয়ে গেছি। ঝড় আসবে-যাবে, তুমি আরেকটু ধৈর্য ধরতে পারতে! এখনো সীমিত ওভারে শ্রীলঙ্কার সেরা অলরাউন্ডার। যাই হোক, তোমার সঙ্গে খেলতে পারা ছিল দারুণ, পান্ডা! তোমার ভবিষ্যত্ পথচলার জন্য শুভ কামনা।’
করুণারত্নেও লিখেন, ‘বিশ্বাস করা কঠিন যে তুমি মাঠ ছেড়ে যাচ্ছ। বছরের পর বছর ধরে তোমার নিবেদনের জন্য ধন্যবাদ, যা আমাদের দারুণ বিনোদন দিয়েছে। আশা করি, তোমার সামনের সময় উপভোগ্য হবে। ভবিষ্যতের জন্য শুভ কামনা, পান্ডা!’
দলের মধ্যে থিসারার ডাকনাম ছিল ‘পান্ডা’। বাংলাদেশের মাটিতে ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-২০ বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল তার। ট্রফি জয়কেই ক্যারিয়ারের বড় অর্জন মানছেন থিসারা। শ্রীলঙ্কার জার্সিতে ৬টি টেস্ট, ১৬৬ ওয়ানডে ও ৮৪ টি-২০ ম্যাচ খেলেছেন এ অলরাউন্ডার।
