কালিয়াকৈরে বনের জমিতে বাজারের ইজারা বাতিলে মেয়রকে চিঠি

আপডেট : ০৪ মে ২০২১, ২২:৩৪

গাজীপুর প্রতিনিধি

কালিয়াকৈরে একটি বাজারের ইজারা বাতিল করতে মেয়রকে চিঠি দিয়েছে বন বিভাগ। বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ঐ বাজার সম্প্রতি ১০ লাখ টাকায় এক বছরের জন্য ইজারা দেন মেয়র। এ নিয়ে বন বিভাগ ও কালিয়াকৈর পৌরসভার মধ্যে চলছে ঠান্ডা লড়াই। ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা মৌজায় রেললাইনসংলগ্ন এলাকায় বন বিভাগের কয়েক একর জমিতে স্থানীয় একটি চক্র অবৈধভাবে বিভিন্ন দোকানপাট ও হাটবাজার গড়ে তোলে। এ বাজার উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে বন বিভাগ। গত ১৩ এপ্রিল কালিয়াকৈর পৌরসভা থেকে  বাজারটি স্থানীয় এক ব্যক্তিকে ১০ লাখ টাকায় ইজারা দেওয়া হয়। খবর পেয়ে বিট কর্মকর্তা গত ২ মে ঐ বাজারে গিয়ে ইজারাদারের লাগানো টোল চার্ট খুলে ফেলেন। বন বিভাগের জমি পৌরসভা ইজারা দিতে পারে না। এ ছাড়া  ইজারা বাতিলের জন্য গত ২৯ এপ্রিল মেয়রকে তিনি চিঠি দিয়েছেন।

এ ব্যাপারে পৌর মেয়র মজিবুর রহমান জানান, পৌর এলাকায় যে কোনো জমিতে হাটবাজার বসলে তাতে ইজারা দেওয়ার এখতিয়ার পৌরসভার রয়েছে। আইন মেনেই বাজারটি ইজারা দেওয়া হয়েছে। বন বিভাগের জমিতে হাটবাজার না বসলে, ইজারার টাকা নেওয়া হবে না। তিনি আরো বলেন, দীর্ঘ সময় ঐ বাজারটিতে স্থানীয় কতিপয় ব্যক্তি বাজারের দোকানদারদের থেকে চাঁদা তুলে নিজেরা ভোগ করতেন। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত ছিল।