মাস্ক না পরায় দুই শপিংমলে ৩৮ জনকে জরিমানা

আপডেট : ০৪ মে ২০২১, ২২:৩৪

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ইত্তেফাক রিপোর্ট

করোনা মোকাবিলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা পরিদর্শনে গিয়ে নিউমার্কেট ও বসুন্ধরা সিটি শপিংমলে অভিযান চালিয়ে ৩৮ জনকে জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল প্রায় একই সময়ে অর্থাত্ দুপুর ১২টা থেকে শুরু হয়ে এ অভিযান শেষ হয় বেলা ৩টা পর্যন্ত।    

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে শপিংমল ও বিপণিবিতানগুলোতে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা পরিদর্শন করছে ভ্রাম্যমাণ আদালত। এটা একটি চলমান প্রক্রিয়া। অভিযানের সময় কিছু জরিমানা করা হলেও এ অভিযানের মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা।

নিউ মার্কেটে অভিযান :গতকাল বেলা ১২টা থেকে নিউমার্কেটে অভিযান চালান ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা.সঞ্জীব দাস। এ সময় মাস্ক না পরায় ২১ জনকে ৬ হাজার ৫০টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ক্রেতা-বিক্রেতাকে সর্বনিম্ন ৩০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বসুন্ধরা সিটিতে ১৭ জনকে জরিমানা :গতকাল বেলা ১২টার দিকে পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলে স্বাস্থ্যবিধি মেনে না চলার দায়ে ১৭ জনকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উত্তর সিটিতে পাঁচ মামলায় ৪১ হাজার টাকা জরিমানা

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ছাড়া ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব?্যবসা করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুদ রাখা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট পাঁচ মামলায় ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় এ জরিমানা করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, মো. রিফাত ফেরদৌস এবং পারসিয়া সুলতানা প্রিয়াংকা এ জরিমানা করেন। এ সময় সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়।