ইত্তেফাক রিপোর্ট
করোনার এই মহাসংকটে ১৫ হাজার মানুষকে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দিল আওয়ামী যুবলীগের উদ্যোগে গঠিত ‘টেলিমেডিসিন সেবা টিম’। গত ৫ এপ্রিল যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলাহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে করোনা মহামারিকালীন বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদানের জন্য শতাধিক চিকিত্সক নিয়ে টেলিমেডিসিন টিম গঠন করা হয়।
এ বিষয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘এই দুর্যোগ ও মহামারির সময় যদি আমরা মানুষের পাশে না দাঁড়াতে পারি, আর কখন দাঁড়াবো? এই অনুভূতি বা চেতনাবোধ থেকেই যুবলীগের চিকিত্সকবৃন্দ দিনরাত মানুষকে বিনা মূল্যে টেলিমেডিসিন সার্ভিস প্রদান করে যাচ্ছে।’ যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পরামর্শে আমরা মানুষের পাশে রয়েছি।’
