গত ২৮ এপ্রিল দৈনিক ইত্তেফাকে ‘পুলিশের পাহারায় কৃষকের জমিসহ সীমানাপ্রাচীর’ এবং ৩ মে ‘রূপগঞ্জে ফসলি জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের প্রতিবাদ’—শিরোনামে ছবিসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মাহাফুজর রহমান। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে—রূপগঞ্জের পশি মৌজায় কৃষকের এক একর ৪৭ শতাংশ ফসলি জমি অবৈধভাবে দখল নিয়ে পুলিশের পাহারায় সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন এক গার্মেন্টস ব্যবসায়ী—তার দাবি উল্লিখিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, উল্লিখিত জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের সব জমিই মাহাফুজর রহমানের ক্রয়কৃত। যাবতীয় দলিলপত্র তার রয়েছে। স্থানীয় একটি কুচক্রী মহল এলাকার কিছু গ্রামবাসীকে প্ররোচিত করে আর্থিক প্রলোভন দেখিয়ে কৃষক পরিচয় দিয়ে অভিযোগ উঠিয়েছে এবং মানববন্ধন করিয়েছে। তিনি জানান, তার ক্রয়কৃত জমিতে উন্নয়নমূলক কাজ করতে গেলে রাতের অন্ধকারে একটি মহল তা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মাহাফুজর রহমান।
প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদন দুটি স্থানীয় কৃষকদের অভিযোগ এবং মানববন্ধনের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে। যার কোনো তথ্যই প্রতিবেদকের নিজস্ব নয়।
