রিকশাচালককে নির্যাতনকারী সেই ব্যক্তি অবশেষে আটক

আপডেট : ০৪ মে ২০২১, ২২:৩৪

ইত্তেফাক রিপোর্ট

বংশালে রিকশাচালককে মারধর করে আহত করার অভিযোগে নির্যাতনকারীকে আটক করেছে পুলিশ। গতকাল তাকে আটক করেছে বংশাল থানার পুলিশ।

পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে একটি ভিডিও লিংক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, গতকাল দুপুর দেড়টার দিকে এক ব্যক্তি একজন মুসল্লি ও রিকশাওয়ালাকে সজোরে থাপ্পড় মারছেন। তার নির্যাতনের একপর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান। পাশ থেকে লোকজন এগিয়ে আসেন।

ভিডিওটি দেখামাত্র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বংশাল থানার ওসি মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেন নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে।

এর পরিপ্রেক্ষিতে বংশাল থানার একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনে। জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত লোকটির নাম সুলতান আহমেদ। তিনি স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।