ইত্তেফাক রিপোর্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪১টির বা ৩৯ দশমিক ৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল ডিএসইর টপটেন গেইনার তালিকার ৯০ শতাংশ বিমা কোম্পানির দখলে চলে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।গতকাল টপটেন গেইনারের ৯টি বা ৯০ শতাংশ কোম্পানি বিমা খাতের দখলে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে রূপালি লাইফ ইনসিওরেন্সের। গতকাল এই কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা বিমা খাতের অন্য কোম্পানিগুলোর মধ্যে সন্ধানী লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৬ শতাংশ, প্রাইম লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৪ শতাংশ, ডেল্টা লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৯১ শতাংশ, ইসলামী ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৯ শতাংশ, মেঘনা লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৯ শতাংশ, ইউনাইটেড ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৭ শতাংশ, ফারইস্ট লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৩ শতাংশ এবং স্ট্যান্ডার্ড ইনসিওরেন্সের শেয়ার দর ৯ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। এছাড়া মেট্রো স্পিনিংয়ের শেয়ারদর ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে।
