দেশে করোনা ভাইরাসে এক দিনে আক্রান্ত হিসেবে যেসব রোগী শনাক্ত হয়েছেন, তার চেয়ে দ্বিগুণেরও বেশি রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১৪ জনের মধ্যে ধরা পড়েছে করোনা সংক্রমণ। একই সময়ে আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৭০ জন সুস্থ হয়ে উঠেছেন।
দেশে করোনা ভাইরাসে আরো ৬১ জনের মৃত্যু হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৭০৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৯১৪ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন হয়েছে। করোনা থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৩২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪২০টি ল্যাবে ২১ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৫ লাখ ৪০ হাজার ৩৯৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ লাখ ৮২ হাজার ২০১টি; বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ লাখ ৫৮ হাজার ১৯৩টি।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ৩৬ জন পুরুষ আর নারী ২৫ জন। তাদের ৪৩ জন সরকারি হাসপাতালে, ১৬ জন বেসরকারি হাসপাতালে মারা যান। বাসায় মারা গেছেন দুই জন। তাদের মধ্যে ৪৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ২৮ জন ঢাকা বিভাগের, ১৮ জন চট্টগ্রাম বিভাগের, সাত জন রাজশাহী বিভাগের, এক জন করে খুলনা ও ময়মনসিংহ বিভাগের এবং দুই জন করে সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। এ পর্যন্ত মৃত ১১ হাজার ৭০৫ জনের মধ্যে ৮ হাজার ৫১২ জন পুরুষ এবং ৩ হাজার ১৯৩ জন নারী।
