সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মকবুল হোসেন (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সে জৈন্তাপুরের ঝিঙ্গাবাড়ী এলাকার জমসেদ আলীর পুত্র।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে জৈন্তাপুরের ভারত-বাংলাদেশের ১২৮৩ নম্বর পিলারের মিনাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক আহমদ ইউসুফ জামিল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, জৈন্তাপুরের ঝিঙ্গাবাড়ী এলাকার নিহত মকবুল ও তার দুলাভাইসহ কয়েক জন যুবক ভারতের ভেতরে কাঠ সংগ্রহে যান। ভোর সাড়ে ৪টার দিকে সেখানকার খাসিয়ারা তাদের ধাওয়া দেওয়ার একপর্যায়ে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হন মকবুল। পরে তার দুলাভাইসহ সঙ্গীরা লাশ উদ্ধার করে বাংলাদেশ সীমান্তের ভেতরে নিয়ে আসেন।
নিহত মকবুলের শরীরে গুলির দাগ রয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দস্তগীর আহমেদ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
