ঈদের আগেই চীনা টিকা পাওয়ার আশাবাদ পররাষ্ট্রমন্ত্রী মোমেনের

আপডেট : ০৫ মে ২০২১, ০০:৩৫

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঈদুল ফিতরের আগেই টিকা ডেলিভারি দিতে চীন সরকার কাজ শুরু করেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি জানিয়েছেন ঈদের আগেই ঢাকায় টিকা আসা শুরু করবে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ও চীন ও রাশিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কখন এবং কত ডোজ টিকা কীভাবে আসবে তা স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তারা জানে কখন এটা আমাদের দরকার।

তিনি বলেন, চীনে পাঁচ দিনের মে দিবসের ছুটি চলছে, যা ৫ মে শেষ হবে। এ ছুটির কারণে চীনে সবকিছু বন্ধ থাকবে। টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, অর্ডারের ভিত্তিতে ভ্যাকসিন উত্পাদন হওয়ায় কিছু সময় লাগবে।