হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাত্ করেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে দেখা করতে যান। রাত পৌণে ১২টার দিকে তারা বের হয়ে আসেন।
বৈঠক সূত্র জানায়, হেফাজত নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের কয়েকটি দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সহিংসতার ঘটনায় দায়ের করা সকল মামলা প্রত্যাহার, হেফাজতের নেতাদের গ্রেফতার বন্ধ ও কওমী মাদ্রাসা খুলে দিতে অনুমতি প্রদান।
সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী হেফাজত নেতাদের বলেছেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদেরকে আইনগতভাবে গ্রেফতার করা হচ্ছে। কাউকে অযথা হয়রানি করা হবে না।
এর আগে গত ১৯ এপ্রিল রাতে হেফাজতের নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছিলেন।
