টিকার চাহিদা ও মূল্য নির্ধারণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

আপডেট : ০৫ মে ২০২১, ০০:৫৯

করোনা ভাইরাস প্রতিরোধী টিকা সংগ্রহ ও নিরাপদ ও কার্যকর টিকা নির্বাচন চাহিদা নিরূপণ, বিতরণ ও দর-কষাকষির মাধ্যমে টিকার যৌক্তিক মূল্য নির্ধারণের জন্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটি গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

 প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের সভাপতিত্বে কোভিড-১৯ টিকা সংক্রান্ত একটি জরুরি সভা হয়। ওই সভাতে আগামী চার মাসের জন্য টিকা সংগ্রহের বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনা সভায় গঠিত কমিটি দেশে করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান ধারা ও ভবিষ্যত্ প্রক্ষেপণের আলোকে টিকার চাহিদা নিরূপণ করবে। টিকার মূল্য, প্রাপ্যতা, কার্যকারিতা ইত্যাদি বিবেচনায় নিরাপদ ও কার্যকর হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত টিকার সম্ভাব্য সব উত্স থেকে বাংলাদেশের জন্য উপযোগী টিকা নির্বাচন করবে। ইমার্জেন্সি ইউজ অথোরাইজেশন পাওয়া টিকার মূল্য দর-কষাকষির মাধ্যমে নির্ধারণ করবে। এই কমিটি প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নেবে।