ঝিনাইদহে বিনা মূল্যে অক্সিজেন সেবা পাবে করোনায় আক্রান্ত হতদরিদ্ররা

আপডেট : ০৫ মে ২০২১, ০৬:১৫

ঘরে বসেই বিনা মূল্যে অক্সিজেন সেবা পাবেন ঝিনাইদহ পৌরসভা এলাকার করোনা আক্রান্ত অসহায় ও দরিদ্ররা। মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সহযোগিতায় নবগঙ্গা রক্ষা পরিষদ ও ঝিনুকদহ ভাষা পরিষদ নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন এ উদ্যোগ নিয়েছে। ঝিনুকদহ ভাষা পরিষদের সভাপতি গাউস গৌর্কী জানান, তারা এ পর্যন্ত সাতটি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করেছেন। যে সমস্ত দরিদ্র করোনা রোগী হাসপাতালে বেড খালি না থাকায় ভর্তি হতে পারছেন না। আবার বাড়িতে অক্সিজেনের অভাবে চিকিত্সা নিতে পারছেন না, জরুরিভাবে শুধু তাদের অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে। তাদের নম্বরে ফোন দিলেই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনুকদহ ভাষা পরিষদের সভাপতি গাউস গৌর্কী, সহসভাপতি সহকারী অধ্যাপক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শিপন জোয়ার্দ্দার, নবগঙ্গা রক্ষা পরিষদের প্রধান উপদেষ্টা মাসুদ আহম্মেদ সঞ্জু, যুগ্ম আহ্বায়ক খান জাহান আলী, সদস্য রাশেদুল ইসলাম পরাগ প্রমুখ।

ইত্তেফাক/টিএ