বর্ণবাদী মন্তব্য করায় পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত পাঠায় ক্রিকেট বোর্ডের (পিসিবি)। বোর্ডের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন দলটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
তিনি বলেন, ‘সরফরাজ ভুল করেছে। তবে এটাও সত্যি যে বিশ্বের অন্য কারো চেয়ে পাকিস্তানীরা কোন মন্তব্য করলে সেটা নিয়ে বেশি আলোচনা হয় এবং একটা ইস্যু তৈরি করা হয়।
সাবেক এ পেস গ্রেট বলেন, ‘যেহেতু ৬ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল খেলতে পারবে তাই সরফরাজকে দক্ষিণ আফ্রিকা থেকে ডেকে আনার সিদ্ধান্তটা ভুল ছিল।’
পিসিবির ক্রিকেট কমিটিতে থাকা আকরাম সরফরাজকেই অধিনায়ক রাখার পক্ষে। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে অধিনায়ক পরিবর্তন করার কোনো দরকার নেই। সংক্ষিপ্ত সময়ের জন্য নয় আমাদের দরকার দীর্ঘ সময়ের একজন অধিনায়ক। শোয়েব মালিক বর্তমানে দলের নেতৃত্ব দিচ্ছেন এবং বেশ ভাল করছে। তবে ওয়ানডে বিশ্বকাপের পর সে অবসর নেবে বলে আগেই ঘোষণা দিয়েছে।’
আকরাম বলেন, সরফরাজকে সমর্থন করার একমাত্র কারণ হচ্ছে সে (সরফরাজ) একজন যোদ্ধা এবং সাহসিকতার সঙ্গে তিন ফর্মেটেই দলের নেতৃত্ব দিচ্ছে। সে এখনো শিখছে এবং দিনকে দিন সে আরো বেশি পরিপক্ক হবে, অধিকতর অভিজ্ঞতা অর্জন করবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে প্রোটিয়া খেলোয়াড় আন্দিল ফেলুকুয়াওকে ‘কালো’ বলে মন্তব্য করেছিলেন সরফরাজ। এরপরই দক্ষিণ আফ্রিকা দল ও ফেলুকুয়াওর কাছে ক্ষমা চান তিনি। তথাপি আইসিসি পাক অধিনায়ককে চার ম্যাচ নিষিদ্ধ করে।
ইত্তেফাক/কেআই
