কয়রা (খুলনা) সংবাদদাতা
সুন্দরবন খুলনা রেঞ্জের বানিয়াখালী স্টেশনের ভাগ্নীখালি এলাকায় মঙ্গলবার বিকালে অবৈধভাবে মধু আহরণের সময় তিন জনকে আটক করেছে বন বিভাগ। এ সময় আরো দুই জন পালিয়ে যায়। বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নিমল কুমার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি নৌকা ও মধু জব্দ করা হয়। আটকরা হলো—নজরুল সরদার, সিরাজুল সরদার ও আরিফ সরদার। আটকদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এর সত্যতা নিশ্চিত করে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
