ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পেতে এসএমই ফাউন্ডেশনে হেল্প ডেস্ক

আপডেট : ০৫ মে ২০২১, ২১:৪২

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় ৩০০ কোটি টাকা ঋণ বিতরণের ক্ষেত্রে পিছিয়ে পড়া এবং প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের অগ্রাধিকার দেবে এসএমই ফাউন্ডেশন। ঋণ সুবিধা পেতে এসএমই ফাউন্ডেশনে আলাদা হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার ঋণ বিতরণ বিষয়ে সারা দেশের এসএমই অ্যাসোসিয়েশন এবং চেম্বারের উদ্যোক্তাদের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভায় এ তথ্য জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। তিনি জানান, যারা সরকারের প্রথম দফার প্রণোদনার আওতায় ঋণ না পাওয়া নারী-উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা অর্থাত্ যারা এখনো ব্যাংক ঋণ পাননি, এবং পশ্চাত্পদ ও উপজাতীয় অঞ্চল, শারীরিকভাবে অক্ষম ও তৃতীয় লিঙ্গের উদ্যোক্তাদের ঋণ পাওয়া নিশ্চিত করতে এই ডেস্কের মাধ্যমে সহায়তা করা হবে।

এছাড়া সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে উদ্যোক্তাদের যোগাযোগ করিয়ে দিতে সব প্রতিষ্ঠানের ফোকাল পারসনও নির্ধারণ করা হয়েছে। গত রবিবার থেকে ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বেসিক ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্সে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। শিগিগরই এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি সই হওয়া বাকি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও আবেদন করা যাবে। ফাউন্ডেশনের প্রচলিত ক্রেডিট হোলসেলিং ব্যবস্থার মতো উদ্যোক্তারা ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাবেন এবং এ সীমা আরো বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের ঋণের আওতায় আনতে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ আরো কয়েকটি সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইয়ের প্রক্রিয়াও শুরু করেছে এসএমই ফাউন্ডেশন।