ইত্তেফাক রিপোর্ট
চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে ব্যাংক লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ গতকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ৬ থেকে ১৬ মে পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। তবে ঈদের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানিবাণিজ্য অব্যাহত রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তপশিলি ব্যাংকের পোশাকশিল্পসংশ্লিষ্ট শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ স্বাস্থ্যবিধি যথাযথভাবে পরিপালন নিশ্চিত করে আগামী ১০ এবং ১৩ মে (১৪ মে ঈদ হওয়া সাপেক্ষে) খোলা রাখতে হবে। কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে বাংলাদেশ ব্যাংকের ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা জারি করা হয়।
