বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী সকল রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদউপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি প্রধান অতিথির বক্তৃতায় দেশ ও দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উল্লেখ করে বলেন, ‘অন্যদিকে বিএনপির রাজনীতি শুধু বেগম খালেদা জিয়াকে নিয়ে। তাদের কথায় মনে হয়, দেশের জনগণের চিকিত্সার কোনো দরকার নেই, খাদ্যের কোনো দরকার নেই। এটা কী ধরণের দৃষ্টিভঙ্গি, তা আজও আমাদের বোধগম্য হয় না।’
বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, হোসনে আরা এমপি, শামীমা শাহরিয়ার এমপি, কৃষকলীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ এসময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রায় পাঁচশত পরিবারের হাতে ঈদউপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
