ইত্তেফাক রিপোর্ট
করোনা মহামারি এবং দীর্ঘদিনের অস্থিতিশীলতার কারণে লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজীসহ পূর্বাঞ্চলীয় শহরগুলোতে আটকে পড়া ১৬০ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। আইওএম কর্তৃক চার্টার্ডকৃত বুরাক এয়ারের একটি ফ্লাইট বাংলাদেশিদের নিয়ে মঙ্গলবার বেনগাজী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এবং ফ্লাইটটি গতকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। একই ফ্লাইটে লিবিয়ায় মারা যাওয়া এক বাংলাদেশির মৃতদেহও দেশে ফেরত আনা হয়েছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দেশে পৌঁছানোর পর সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। দেশে আসা অভিবাসীরা সকলেই স্বেচ্ছায় ফিরেছেন। তাদের মধ্যে ৯ জন অসুস্থ এবং ৭ জন হেপাটাইটিস বি-তে আক্রান্ত হওয়ায় লিবিয়ার সফর জেলে আটক ছিলেন।
এছাড়া দেশে আসা অভিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক দীর্ঘ ৭ থেকে ৮ বছর ধরে লিবিয়ায় কর্মরত ছিলেন (অনেকে ১০-১২ বছর)। তবে লিবিয়ার বর্তমান পরিস্থিতি, পর্যাপ্ত কাজের সুযোগ সুবিধা এবং দিনারের অবমূল্যায়নসহ বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতির বিবেচনায় তারা দীর্ঘদিন ধরে দেশে ফেরত আসার অপেক্ষায় ছিলেন। তবে লিবিয়া থেকে কোন আন্তর্জাতিক ফ্লাইট চালু না থাকায় তারা দেশে ফেরত যেতে পারছিলেন না।
এই অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইওএম এর সহায়তায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। উল্লেখ্য, কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে লিবিয়ায় আটকে পড়া অভিবাসীদের আইওএম’র সহায়তায় দেশে ফিরিয়ে আনার জন্য পরিচালিত এটি নবম ফ্লাইট। এ সকল ফ্লাইটে এখন পর্যন্ত মোট ১৩৭৯ জন অভিবাসীকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
