ছোরা ও টাকা উদ্ধার
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর আল নূর কারখানার সামনে থেকে তিন ছিনতাইকারীকে গ্র্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহূত একটি ছোরা ও নগদ ১১০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে। গতকাল বুধবার সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো কাঁচপুর পুরানবাজার এলাকার মফিজুল ইসলামের ছেলে হূদয় হোসেন, আড়াইহাজার থানার বাড়ৈপাড়া এলাকার মৃত হকের ছেলে ইউনুছ মাহমুদ বিজয় ও কাঁচপুর কতুবপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে জসিম উদ্দিন।
সোনারগাঁও থানার এএসআই আলমগীর হোসেন জানান, আল নূর কারখানার সামনে ৮-১০ জনের একটি দল রাত দেড়টার দিকে মহাসড়কে চলাচলরত বিভিন্ন অটোরিকশার যাত্রীদের ভয় দেখিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় এ তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতি মামলায় ওয়ারেন্ট রয়েছে। ঐ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।
