পার্কে, খেলার মাঠে বা অন্য কোনো জায়গায় যখন আমরা বাদাম খাই, তখন খোসাগুলো এলোমেলোভাবে ফেলি রাখি। আবার সেই বাদাম যখন আমরা ঘরে বসে খাই, তখন খোসা নির্দিষ্ট জায়গায় ফেলি। তাহলে কেন দুই জায়গায় দুই নিয়ম? কারণ হলো আমরা ঘরকে আপন মনে করি এবং এটা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। কিন্তু অন্য জায়গাগুলো নিজের ভাবি না এবং এসব পরিষ্কারের দায়িত্ব নিজের নয় বরং কর্তৃপক্ষের বলে মনে করি। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের ভাবতে হবে, শুধু নিজের বাসাই আমার না বরং এই পুরো দেশ আমার। সুতরাং আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব শুধু কর্তৃপক্ষের নয়—আমাদেরও। আমরা যদি সচেতন না হই, তবে কর্তৃপক্ষ যতই চেষ্টা করুন না কেন, সেটা সম্ভব নয়। লক্ষ করা যায়, ডাস্টবিনের আশেপাশে ময়লা পড়ে থাকতে। দুর্গন্ধে অনেক সময় ডাস্টবিনের পাশ দিয়ে হাঁটাই যায় না। এজন্য দোষী আমরা নিজেরাই, কর্তৃপক্ষ নন। প্রশ্ন হতে পারে, সবাই তো যত্রতত্র ময়লা ফেলে। আমি একা ডাস্টবিন ব্যবহার করব কেন? কোনো কিছুর পরিবর্তন একদিনে এবং একার দ্বারা সম্ভব নয়। প্রথমে নিজ থেকে শুরু করতে হবে। এরপর নিজ পরিবার, বন্ধুমহল এভাবে ক্রমান্বয়ে সচেতন করতে থাকতে হবে সবাইকে। এভাবে একসময় ডাস্টবিন ব্যবহারকারীর সংখ্যা বাড়বে। এই দেশ আমার, একে পরিষ্কার রাখার দায়িত্ব আমারই।
মো. আরিফুল ইসলাম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়

