জাম্বিয়া সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল বুধবার জাম্বিয়ার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের বিভিন্ন প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করেন। এরপর তিনি প্রশিক্ষণরত অফিসারদের সামরিক কূটনীতি এবং এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের ওপর বক্তৃতা প্রদান করেন। এ ছাড়া তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল স্টিফেন সিমুজান্ডোর সঙ্গে সাক্ষাত্ করেন এবং দুই দেশের স্টাফ কলেজসহ অন্যান্য সামরিক প্রশিক্ষণ আরো জোরদারের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ মঙ্গলবার সকালে জাম্বিয়ার ন্যাশনাল সার্ভিসের কমান্ড্যান্ট লে. জেনারেল নাথান মুলেঙ্গার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় লে. জেনারেল মুলেঙ্গা জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের বিভিন্ন কার্যক্রম ও যুবসমাজের উন্নয়নে বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রম ও জাতীয় উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততার ব্যাপারে অবহিত করেন। একই সঙ্গে তিনি জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের প্রতিনিধিদলকে বাংলাদেশ আর্মির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বিভিন্ন দুর্যোগ মোকাবিলা, সন্ত্রাস দমন ইত্যাদি বিষয়ে অনুশীলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। পরে জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের একটি ইউনিট পরিদর্শন করেন। তিনি আজ দেশে পৌঁছাবেন। —আইএসপিআর
