স্পোর্টস রিপোর্টার
করোনার প্রাদুর্ভাবে স্থগিত হয়ে গেছে আইপিএল। সবকিছু ঠিক থাকলে বিসিসিআইয়ের ব্যবস্থাপনায় কয়েক দিনের মধ্যেই বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলবেন তারা।
ওয়ানডে সিরিজ শেষেই ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত হবেন। বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৩১ মে শুরু হবে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। টি-২০ ফরম্যাটের এই লিগে খেলার সম্ভাবনা রয়েছে সাকিবের। বাঁহাতি এ অলরাউন্ডারকে পাওয়ার চেষ্টা করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গত বছরের স্থগিত লিগটাই এবার নতুন করে শুরু হবে। লিগের দলবদলের সময় আইসিসির নিষেধাজ্ঞা থাকায় কোনো ক্লাবেই নিবন্ধন করা হয়নি সাকিবের। তাই কার্যত ফ্রি প্লেয়ার তিনি। নিয়ম অনুযায়ী সুযোগ না থাকলেও বিসিবি চাইলে বিশেষ বিবেচনায় তাকে খেলার সুযোগ করে দিতে পারে। জানা গেছে, মোহামেডান যোগাযোগ রাখছে বাঁহাতি এ অলরাউন্ডারের সঙ্গে।
লিগের বাকি ক্লাবগুলোও তাকে পাওয়ার দৌড়ে শামিল হতে পারে। এক্ষেত্রে সাদা-কালো শিবিরের জন্য বড় সুযোগ হয়ে ধরা দিয়েছে আব্দুর রাজ্জাকের অবসর ও জাতীয় দলের নির্বাচক হওয়া। গত বছর দলবদলের সময় মোহামেডানে নিবন্ধন করেছিলেন রাজ্জাক। এখন স্বাভাবিকভাবেই রাজ্জাকের বদলি চাইবে মোহামেডান।
গতকাল এ সম্পর্কে জানতে চাইলে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেছেন, ‘রাজ্জাক একটা চাকরিতে জয়েন করেছে। তার জায়গায় কীভাবে আমরা খেলোয়াড় পাব, তা আমরা বিসিবির কাছে জানতে চাইব। তারপরই বলতে পারব, কী হচ্ছে।’
প্রিমিয়ার লিগ খেলতে চাইলে সাকিবকে পাওয়ার চেষ্টা করবে মোহামেডান। গতকাল মাসুদুজ্জামান বলেছেন, ‘এটা তো এখনো দূরের বিষয়। সাকিব দেশে আসুক আগে। মোহামেডান অবশ্যই চেষ্টা করবে। বাকি ক্লাবগুলোও তো চেষ্টা করবে, তাদেরও সুযোগ আছে।’
তবে শেষ পর্যন্ত সাকিব প্রিমিয়ার লিগে খেলবেন কি না, তা সময়ই বলে দেবে। কারণ ১ জুন শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অবশিষ্ট অংশ। টুর্নামেন্টে লাহোর কালান্দার্সে সুযোগ পেয়েছেন সাকিব। লঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে পিএসএল খেলতে ৩১ মে উড়াল দিতে পারেন তিনি। সেক্ষেত্রে কয়েকটি ম্যাচ তিনি মিস করবেন। পিএসএলের ভেন্যু নিয়ে অবশ্য জটিলতা তৈরি হয়েছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজিরা চাইলে লাহোর থেকে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট সরিয়ে নিতে। যদিও পিসিবি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
