আবারও জ্বলছে সুন্দরবন

আপডেট : ০৫ মে ২০২১, ২২:১২

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানী টহল ফাঁড়ি এলাকায় বারো ঘন্টার ব্যবধানে আবারো আগুন জ্বলে উঠেছে। ফায়ার সার্ভিসের তিনটি টিম বুধবার সারাদিন বনের আগুনে পানি ছিটিয়ে সন্ধ্যায় কাজ স্থগিত করে ফিরে গেছেন এবং আজ বৃহস্পতিবার সকালে আবার বনে তারা আগুন নেভাতে কাজ করবেন। এর আগে গত সোমবার সকালে লাগা আগুন ত্রিশ ঘন্টা চেষ্টার পরে মঙ্গলবার সন্ধ্যায় নিভেছিলো।

শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা আ. সাত্তার সন্ধ্যা সাড়ে সাতটায় ইত্তেফাককে জানান, গত সোমবার শরণখোলা রেঞ্জের দাসেরভারানী টহল ফাঁড়ির বনে যেখানে আগুন লেগেছিলো সেখান থেকে আধা কিলোমিটার দক্ষিণে বুধবার সকালে নতুন করে বনের বিস্তীর্ণ জায়গায় আগুন জ্বলে উঠেছে। খবর পেয়ে বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলা ফায়ার ষ্টেশনের কর্মীরা সকাল ১০টা থেকে সারাদিন  দুটি পাইপের সাহায্যে পানি দিয়ে আগুন নেভানোর কাজ করে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। আজ সকালে আবার তারা আগুন নেভানোর কাজ করবেন। আগুন একদিকে নিভলেও অপর দিক থেকে নতুন করে দুই তিন ফুট উচ্চতায় আগুন  জ্বলে উঠছে, বড় গাছের শুকনো লতা বেয়ে গাছের ওপরের দিকেও উঠে যাচ্ছে। আগুন যাতে আর বেশি ছড়াতে না পারে সে জন্য বনের দুই কিলোমিটার জুড়ে ফায়ার লাইন কাটা হয়েছে। নদী থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বনের মধ্যে পাইপের সাহায্যে পানি নিতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। আগুন প্রায় ৩ একর জায়গা নিয়ে ছড়িয়েছে এবং গত সোমবার লাগা আগুনে প্রায় ৬ একর জায়গা পুড়েছে বলে ঐ ফায়ার ষ্টেশন কর্মকর্তা জানান।                 আগুনের ব্যাপকতা নিয়ে বনবিভাগ, প্রত্যক্ষদর্শী গ্রামবাসী এবং ফায়ার সার্ভিসের হিসেবে বিস্তর ফারাক লক্ষ্য করা যায়। আগুন নেভানোর কাজে নিয়োজিত দক্ষিণ রাজাপুর গ্রামের আফজাল চাপরাশী বলেন, প্রায় ৬/৭ একর জায়গায় আগুন ছড়িয়েছে। তবে বনবিভাগ বলছে দুই একর জমিতে আগুন লাগতে পারে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণের জন্য বনরক্ষীদের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন এবং ৩ মের ত্রিশ ঘন্টার আগুনে এক দশমিক তিন একর বনভূমি পুড়েছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পুরো বিবরণ পেতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

১৯ বছরে ২৫ বার আগুন

আগুন যেন সুন্দরবনের পিছু ছাড়ছে না। বছর ঘুরতে না ঘুরতে সুন্দরবনের প্রায় একই এলাকায় বার বার আগুন লাগছে। একের পর এক আগুনে ক্ষতবিক্ষত হচ্ছে সুন্দরবন। ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। সুন্দরবনে গত ১৯ বছরে ২৫ বার আগুন লেগেছে। আর এ আগুনে পুড়েছে প্রায় ৮১ একর বনভূমি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০২ সালে সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কটকায় একবার, নাংলী ও মান্দারবাড়িয়ায় দুবার, ২০০৫ সালে পচাকোড়ালিয়া, ঘুটাবাড়িয়ার সুতার খাল এলাকায় দুবার, ২০০৬ সালে তেড়াবেকা, আমুরবুনিয়া, খুরাবাড়িয়া, পচাকোড়ালিয়া ও ধানসাগর এলাকায় পাঁচবার, ২০০৭ সালে পচাকোড়ালিয়া, নাংলি ও ডুমুরিয়ায় তিনবার, ২০১০ সালে গুলিশাখালীতে একবার, ২০১১ সালে নাংলীতে দুবার, ২০১৪ সালে গুলিশাখালীতে একবার, ২০১৬ সালে নাংলী, পচাকোড়ালিয়া ও তুলাতলায় তিনবার, ২০১৭ সালে মাদ্রাসারছিলায় একবার এবং চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ধানসাগর এলাকায় অগ্নিকা্লের ঘটনা ঘটে। সর্বশেষ আগুন লাগে গত সোমবার সকাল ১১টায় লোকালয় থেকে প্রায় ৩ কিলোমিটার গহীন বনে দাসের ভারনী এলাকায়। ৩০ ঘন্টা পর মঙ্গলবার বিকালে আগুন নিয়ন্ত্রণে আসার কথা বলে বন বিভাগ ও ফায়ার সার্ভিস সুন্দরবন থেকে চলে আসলেও বুধবার ভোর থেকে একই স্থানে আবারও গাছপালা ও লতাগুল্মে দাউ-দাউ করে ফের আগুন জ্তলতে থাকে। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন তৃতীয় দিনেও দাসের ভারানী এলাকায় বন জ্তলতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।