মাদারীপুরের শিবচরে স্পিডবোট দুর্ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি গতকাল বুধবার ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এ ব্যাপারে কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগীয় উপপরিচালক আজহারুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল দ্বিতীয় বারের মতো ঘুরে দেখেছি। ঘটনার দিনেও আমরা নিবিড়ভাবে ঘুরে দেখেছি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপ করে বুঝতে পারছি যে, স্পিডবোটটি প্রচণ্ড বেগে এসে সংঘর্ষ হয় বাল্কহেডের সঙ্গে। নিহতদের প্রত্যেকেরই মাথায় আঘাত লেগেছিল। দুর্ঘটনার কারণ জানতে আমরা কাজ করছি। যে তথ্য-উপাত্ত পেয়েছি তা বিশ্লেষণ করে আমরা এর কারণ বের করব। পাশাপাশি এমন নৌ-দুর্ঘটনা যেন আর না ঘটে সে জন্য চালকদের রেজিস্ট্রেশন এবং চালকদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা কীভাবে করা যায় সেই ব্যাপারে আমাদের কিছু সুপারিশ থাকবে।’
গত ৩ মে দুপুরে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এছাড়া স্পিডবোট দুর্ঘটনায় নৌপরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেফটি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে মঙ্গলবার দুপুরে।
