জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতার জন্য আবেদন করেছেন আসমা খাতুন নামে এক নারী। গতকাল বুধবার এ ঘটনার প্রতিকার চেয়ে কথিত মৃত স্বামী হারুন আকন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলাধীন পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে হারুন অর রশীদ আকন্দের সঙ্গে ২০০৫ সালে একই গ্রামের তাহির উদ্দিনের মেয়ে আসমা খাতুনের বিয়ে হয়। পরে সম্পর্কের টানাপোড়েনে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বেতন্দর গ্রামের সাবেক মেম্বার আব্দুর রাজ্জাকের সঙ্গে আসমার বিয়ে হয়। ঐ সংসারে আসমার একটি পুত্র সন্তানও আছে।
পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার বলেন, আসমা খাতুনকে পৌরসভা থেকে কোনো স্বামী মৃত্যুর সনদ দেওয়া হয়নি। বিধবা ভাতার জন্য এই নারী প্রতারণার আশ্রয় নিয়েছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ বলেন, পৌর মেয়রের স্বাক্ষরিত তালিকা মোতাবেক তালিকা অনুমোদন করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ঈশ্বরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারুন অর রশিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই নারীর নাম প্রত্যাহার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, এ বিষয়ে আমাকে লিখিতভাবে জানানোর জন্য সমাজসেবা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ভাতা বাতিলসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আসমা খাতুন জানান, জাতীয় পরিচয়পত্রে সাবেক স্বামীর নাম রয়েছে তাই এ নাম ব্যবহার করেছি। জীবিতকে মৃত বানিয়েছেন কেন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা তার ভুল হয়ে গেছে।
